হামলায় টুইটারের ৮ অ্যাকাউন্ট থেকে ডাটা চুরি

১৮ জুলাই, ২০২০ ১৪:১০  
টুইটারে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় হ্যাকাররা আটটি অযাচাইকৃত অ্যাকাউন্ট থেকে ডাটা ডাউনলোড করেছে। চলতি সপ্তাহে এই হামলা হয়েছে জানিয়ে শনিবার টুইটার ইনকর্পোরেটেড বলেছে, হামলায় আটটি অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তবে এর একটি অ্যাকাউন্টও ভেরিফায়েড নয়। হামলাকারীদের সনাক্ত করা যায়নি জানিয়ে মাইক্রো ব্লগ সাইটটির পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ঘটনায় হ্যাকাররা ১৩০টি অ্যাকাউন্টকে লক্ষ্য বানিয়েছিল এবং এগুলোর পাসওয়ার্ড বদলে ৪৫টি অ্যাকাউন্টের দখল নিয়েছিলো হ্যাকাররা। মূলতঃ মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, রিয়ালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেসলা প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যামাজন প্রধান জেফ বেজোসসহ অন্যান্য ব্যক্তিদের অ্যাকাউন্টের দখল নিতে টুইটারের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করে হ্যাকাররা। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিটকয়েন হাতিয়ে নিয়েছে তারা।